পুবের কলম ওয়েব ডেস্ক: আইনি কড়াকড়ির পাশাপাশি এবার পঞ্চায়েত স্তর থেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন দেশজুড়ে আয়োজিত বিশেষ গ্রামসভার কর্মসূচিতে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সঙ্গে রাজ্যের এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সংক্রান্ত বিশেষ প্রস্তাব পাশ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিশেষ গ্রামসভার অন্যতম মূল লক্ষ্য গ্রামীণ পরিকাঠামো ও সামাজিক উন্নয়ন। সভায় সাধারণ ভোটার, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ছাড়াও মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং প্রান্তিক কৃষকেরা অংশ নেবেন।

বাল্যবিবাহ রুখতে অভিভাবকদের আইনি শাস্তির বিষয়ে সতর্ক করার পাশাপাশি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী এবং স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি স্থায়ী নজরদারি ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তৈরি হবে। এই কারণে বৈঠকে স্কুল শিক্ষক, সমাজকল্যাণ দপ্তর এবং চাইল্ডলাইনের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়াও গ্রামসভা থেকে প্লাস্টিক বর্জন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির প্রচার চালানো হবে। আগামী আর্থিক বছরের জন্য রাস্তাঘাট ও পানীয় জলের মতো উন্নয়নমূলক কাজের পরিকল্পনা চূড়ান্ত করতে সরাসরি গ্রামবাসীদের মতামত নেওয়া হবে। স্বচ্ছতা বজায় রেখে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে এই প্রক্রিয়া এগিয়ে নিতে সভা থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ‘জনগণের পরিকল্পনা অভিযান’।