পুবের কলম, ওয়েবডেস্ক: বিগত প্রায় ছয় বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে চললেও, এবার থেকে নির্দিষ্ট পরিমাণ মার্চেন্ট বা ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে ইউপিআই-এ সার্ভিস চার্জ চাপানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা গড়াচ্ছে দেশের শীর্ষ আদালতে। আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার ওপর সমস্ত ব্যবসায়ী লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বসানোর কেন্দ্রীয় নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হবে সোমবার।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনা-র সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি নির্ধারিত হয়েছে। কেন্দ্রের সেপ্টেম্বরের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এই পিটিশনটি দায়ের করেছেন আইনজীবী অঞ্জন দত্ত।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ব্যক্তির থেকে ব্যক্তিতে (P2P) টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো ফি লাগবে না, এটি সম্পূর্ণ বিনামূল্যে থাকবে (যা দেশের মোট ইউপিআই ভলিউমের ৩৭% এবং আর্থিক মূল্যের ৭০% দখল করে রয়েছে)।

মামলাকারী আইনজীবী অঞ্জন দত্তের আবেদনে দাবি করা হয়েছে যে, কোনো রকম আইনি সুরক্ষা, স্বচ্ছতা বা সাধারণ ও ব্যবসায়ীদের সঙ্গে জনপরামর্শ ছাড়াই একতরফাভাবে এই চার্জ চাপানো হয়েছে।

পিটিশনে বলা হয়েছে, সরকারকে যথেচ্ছভাবে যেকোনো ডিজিটাল পেমেন্ট মাধ্যম থেকে ফি দেওয়া বা ছাড় দেওয়ার ক্ষমতা প্রদান করা অসাংবিধানিক। যেখানে রুপে ডেবিট কার্ডের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা চালু রয়েছে, সেখানে ইউপিআই-এর ওপর এই মাশুল চাপানো বৈষম্যমূলক। কেবল প্রেস বিজ্ঞপ্তি বা এফএকিউ জারি করে কোনো ফি বসানো যায় না। এই মাশুলের বোঝা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের কাঁধেই পড়বে, যা তাঁদের ফের নগদ লেনদেনের দিকে ঠেলে দিতে পারে।