পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় পথ পরিদর্শনকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল। দিল্লির রাজ্য সরকারের গণপূর্ত বিভাগ (PWD) মন্ত্রী প্রবেশ বর্মা এক যুবকে প্রকাশ্যে চড় মারেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়তেই আম আদমি পার্টি (AAP) রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। ঘটনাটি ঘিরে তিলক নগর ও বিকাশপুরী থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ঘটনার আসল সত্যতা ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে।
আরও পড়ুন:
তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিং এফআইআরের কপি সমাজমাধ্যমে শেয়ার করে অভিযোগ করেন যে, চড় খাওয়া যুবকটি তাঁরই ব্যক্তিগত সহকারী। অভিযোগকারী যুবকের দাবি, রাস্তা তৈরিতে দুর্নীতির তথ্য ভিডিওতে রেকর্ড করার সময় মন্ত্রী তাঁর ওপর চড়াও হন। ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখার পর পুলিশ অভিযোগ গ্রহণ করেছে বলে জানান তিনি। আইনানুগ কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন ওই যুবক ও আপ নেতৃত্ব।
আরও পড়ুন:
ভিডিও প্রকাশ্যে আসার পর আত্মপক্ষ সমর্থনে একটি ভিডিও বার্তা জারি করেছেন মন্ত্রী প্রবেশ বর্মা।
তিনি দাবি করেন যে, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানি দেওয়া হয়েছিল। মন্ত্রীর কথায়, "যখন উনার (জার্নেল সিং) এক সমর্থক আমার পরিবারকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে, তখন যেকোনো সাধারণ মানুষের মতো আমিও রাগে প্রতিক্রিয়া জানিয়ে ফেলি।"আরও পড়ুন:
এই ‘চড়কাণ্ড’ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি অবিলম্বে মন্ত্রী প্রবেশ বর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ কেজরিওয়াল লেখেন, "রাস্তা তৈরিতে দুর্নীতি ফাঁস করার অপরাধে মোদীজির মন্ত্রী এক যুবককে প্রকাশ্যে চড় মারলেন! অমানবিক এই ঘটনার প্রতিবাদে আমি নিজে সোমবার তিলক নগরে গিয়ে ওই রাস্তা পরিদর্শন করব। মন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।"