পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘এসআইআর’ প্রক্রিয়ার বৈধতা খতিয়ে না দেখা পর্যন্ত এতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিলেন দেশের দুই হাজার বিশিষ্ট নাগরিক। প্রাক্তন নৌসেনাপ্রধান অ্যাডমিরাল বিষ্ণু ভাগবত, প্রাক্তন আমলা অদিতি মেহতা, প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, ঐতিহাসিক আদিত্য মুখোপাধ্যায় এবং অভিনেতা প্রকাশ রাজ-সহ বহু শিক্ষাবিদ, আইনজীবী ও সমাজকর্মী এই চিঠিতে স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের দাবি জানানোর পাশাপাশি ভোটার নিবন্ধন সফটওয়্যার ও ফর্মে অনুমোদন ছাড়া কোনো রদবদল হয়েছে কি না, তা আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানানো হয়েছে।
চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, বিশেষ এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং সফটওয়্যারের পরিবর্তন নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ক্ষুণ্ণ করতে পারে।
আরও পড়ুন:
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা সিদ্ধান্ত গ্রহণ ও কমিশনের অভ্যন্তরীণ কলহ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে সম্প্রতি দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। যদিও সেই বিতর্ক উড়িয়ে গত শনিবার কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, এসআইআর নিয়ে কোনো মতভেদ ছিল না। ২০২৫ সালের ২৪ জুন বিহার ও পশ্চিমবঙ্গ-সহ দেশের ৩০টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের নির্দেশ সর্বসম্মতিক্রমে দেওয়া হয়েছিল।