পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার থেকে দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর রফাসূত্র মেলায় এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন। এর ফলে সোমবার থেকে দেশের সমস্ত ব্যাঙ্ক স্বাভাবিক নিয়মেই খোলা থাকছে এবং ব্যাঙ্কিং পরিষেবাতেও কোনও ব্যাঘাত ঘটছে না।
সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে অর্থাৎ শনিবার ও রবিবার পূর্ণাঙ্গ ছুটির দাবিতে মূলত এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
এর পাশাপাশি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, স্কেল-৪ এবং তার ওপরের পদমর্যাদার আধিকারিকদের পিএলআই স্কিম সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে আলোচনা শুরু হবে। ২০২৪ সালের ৮ মার্চের নথিতে থাকা অন্যান্য অমীমাংসিত বিষয়গুলিরও দ্রুত নিষ্পত্তি করা হবে।
ব্যাঙ্ক কর্মীদের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে পেনশন ব্যবস্থার উন্নতি, পেনশনভোগীদের জন্য অভিন্ন মহার্ঘ ভাতা এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) থেকে পুরনো পেনশন প্রকল্পে ফেরার সুযোগ। উল্লেখ্য, দেশের প্রায় ৯০ শতাংশ ব্যাঙ্ক কর্মীর প্রতিনিধিত্বকারী এই সংগঠন নিজেদের দাবি আদায়ে গত ১১ সেপ্টেম্বর এক দিনের ধর্মঘট পালন করেছিল। দাবি না মানলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। তবে রবিবারের ইতিবাচক বৈঠকের পর প্রস্তাবিত সমস্ত আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ইউনিয়ন।