উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সোমবার সকালে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর সফরকে কেন্দ্র করে গঙ্গাসাগরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। আশ্রম চত্বর ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় পুলিশি নজরদারি। পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের চলাচলের উপরও নজর রাখা হয়।

নীতিন নবীনের গঙ্গাসাগর সফরকে ঘিরে প্রশাসনের তরফে একাধিক প্রস্তুতি নেওয়া হয়। গঙ্গাসাগরে যাওয়ার পথে এবং কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।সোমবার সকালে গঙ্গাসাগরে পৌঁছে প্রথমে গঙ্গাস্নান করেন নীতিন নবীন। এরপর কপিলমুনির আশ্রমে গিয়ে পুজো দেন তিনি।
গঙ্গাসাগর ও কপিলমুনির আশ্রম দর্শনের পর তিনি বলেন, “আজ গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রমের দর্শন করলাম।”গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়ার প্রসঙ্গে নীতিন নবীন বলেন, “গঙ্গা সাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা খুব শীঘ্রই দেওয়া হবে।”এদিন গঙ্গাসাগরে সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ উদ্দীপনাও নজরে আসে। তাঁদের ভালোবাসার কথা উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “যেভাবে এখানে মানুষ আমাদের ভালোবাসা দিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি সহ সকলে আমরা মানুষের সেবায় নিমজ্জিত থাকবো।”
গঙ্গাস্নান ও মন্দিরে পুজো দেওয়ার পর নীতিন নবীন হেলিকপ্টারে করে গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন।এদিনের তার সফরসঙ্গী ছিলেন সঞ্জয় বনশাল,শমীক ভট্টাচার্য, দীপংকর জানা,সুমন্ত মন্ডল, নবেন্দু সুন্দর নস্কর,উৎপল নস্কর সহ আরো অনেকে।