পুবের কলম ওয়েব ডেস্ক: সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পর এবার ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের জন্যও বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা নীতিতে ছাড় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই নিয়ম কার্যকর করা হবে। উল্লেখ্য, আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে সপ্তম থেকে নবম শ্রেণির পড়ুয়াদের বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার আওতায় আনার আপাতত কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন:
হঠাৎ করে ভাষা সংক্রান্ত নিয়মে বদল এবং প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের অভাব নিয়ে সম্প্রতি অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
যার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। যদিও কেন্দ্র শীর্ষ আদালতে জানিয়েছিল যে, চলতি বছর ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের এই নীতি থেকে ছাড় দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই। কেন্দ্রের যুক্তি ছিল, ইতিমধ্যে প্রায় ৯৯ শতাংশ সিবিএসই স্কুল প্রয়োজনীয় পরিকাঠামো-সহ এই 'তৃতীয় ভাষা' নীতি গ্রহণ করেছে। মাত্র ১.২ শতাংশ স্কুল এই পরিবর্তনের ফলে সমস্যার সম্মুখীন হয়েছে।আরও পড়ুন:
এ দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে জানায়, যে সব শিক্ষার্থী ইতিমধ্যে নিজেদের ভাষা নির্বাচন করে ফেলেছে, তাদের উপর মাঝপথে নতুন ভাষা কাঠামো চাপিয়ে দেওয়া ঠিক নয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত এই সমস্যা সমাধানে বর্ষীয়ান আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দেন। তাঁর প্রস্তাব ছিল, ওই কমিটি আবেদনকারী স্কুল ও অভিভাবকদের সঙ্গে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করবে। তবে অভিভাবকদের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এই প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি জানান, নতুন করে কমিটি গঠন করে কোনও লাভ হবে না, বরং আদালতের উচিত এই বিষয়ে অবিলম্বে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা।