পুবের কলম ওয়েব ডেস্ক: ফ্লাই দুবাইয়ের তেল আভিভগামী বিমানের ককপিটে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে ভারতে এক নতুন ‘কট্টরপন্থী সন্ত্রাসী হামলার ঢেউ’ সম্পর্কে সতর্কবার্তা দিলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার। তাঁর আশঙ্কা, প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলির তুলনায় সন্ত্রাসবাদীরা নিজেদের আরও দ্রুত সংগঠিত ও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। এই সতর্কতার আবহেই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (দমদম)-সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইজরায়েলে হামাসের হামলার তিন বছর পূর্তির দিনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রভেন আজার বলেন, "সন্ত্রাসবাদীরা আমাদের চেয়ে দ্রুতগতিতে কাজ করছে।

তাই তাদের রুখতে নিরাপত্তা সংস্থাগুলিকেও ওদের চেয়েও দ্রুত পদক্ষেপ করতে হবে। পরবর্তী যে হামলার ঢেউ নিশ্চিতভাবেই আসতে চলেছে, তার থেকে এক কদম এগিয়ে থাকতে হলে এখনই সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা প্রয়োজন।" তিনি আরও উল্লেখ করেন, তিন বছর আগে হামাসের চালানো হিংসাত্মক কার্যকলাপ অন্যান্য কট্টরপন্থী সংগঠনগুলিকেও উৎসাহিত করেছে, যার প্রত্যক্ষ প্রভাব দেখা গিয়েছিল পহেলগাঁও হামলার মতো ঘটনাতেও।
ইজরায়েলি দূতের এই বার্তা এমন এক সময়ে এল, যখন বাংলার মাটিতে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন (জেএমবি)-এর সক্রিয়তার প্রমাণ পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ফলে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।