পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে বেআইনিভাবে বসবাসকারী আনুমানিক ৬০০ জন বাংলাদেশি নাগরিককে তাঁদের দেশে ফেরত পাঠাবার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও জম্মু-কাশ্মীর প্রশাসন। এই কর্মসূচির প্রথম ধাপে সোমবার ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে ১৫০ জন বাংলাদেশি নাগরিককে শ্রীনগর থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাঁদের সীমান্ত দিয়ে নিজ দেশে পুশব্যাক করার জন্য সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর, আগামী ৭ অক্টোবর দ্বিতীয় দফায় আরও ১৫০ জন বাংলাদেশি নাগরিককে একইভাবে বাগডোগরায় নিয়ে এসে ডিপোর্টেশনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জম্মু ও কাশ্মীর পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে সম্প্রতি সমগ্র কাশ্মীর উপত্যকাজুড়ে একটি বিশেষ সমীক্ষা চালানো হয়।

সেই সমীক্ষাতেই প্রায় ৬০০ জন বাংলাদেশি নাগরিকের খোঁজ মেলে, যাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই ওই কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করছিলেন। আটক ব্যক্তিদের পরবর্তী পদক্ষেপের জন্য শ্রীনগর পুলিশের নজরদারিতে থাকা একটি বিশেষ ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছিল। সেখান থেকেই দফায় দফায় তাঁদের স্থানান্তরিত করা হচ্ছে।

এই পদক্ষেপের পেছনে ভূমিকা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গঠিত বিশেষ উচ্চপর্যায়ের কমিটির। গত ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রক এই কমিটি গঠন করে, যার নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাভলেকর। জম্মু ও কাশ্মীর প্রশাসন ইতিমধ্যেই এই উচ্চপর্যায়ের কমিটিকে উপত্যকায় চিহ্নিত ৬০০ জন অবৈধ বসবাসকারীর তথ্য প্রদান করেছে, যার ভিত্তিতেই এই দ্রুত ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু হলো।