পুবের কলম, ওয়েবডেস্ক: বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে ধরা পড়লেন ২৫ জন বাংলাদেশি। তাঁদের সঙ্গে এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে কুশমন্ডি ব্লকের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকা থেকে সীমান্তরক্ষী বাহিনী প্রথমে তাঁদের আটক করে এবং পরে স্থানীয় কুশমন্ডি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতে বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বসবাস করছিলেন।

কাজের সূত্রে তাঁদের অনেকেই কাশ্মীরে গিয়েছিলেন। সোমবার রাতে কুশমন্ডির সীমান্ত ঘেঁষা লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় জড়ো হয়ে তাঁরা প্রতিবেশী দেশ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় ফেরার ছক কষছিলেন। ভোরের আলো ফোটার মুখেই এলাকা জুড়ে অচেনা মানুষদের ঘোরাঘুরি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। ধাওয়া খেয়ে অভিযুক্তরা পাশের একটি ধান খেতে লুকিয়ে পড়ার চেষ্টা চালান।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কুশমন্ডির স্থানীয় বিধায়ক তাপস চন্দ্র রায়। তিনি জানান, "কুশমন্ডি ব্লকটি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্পর্শকাতর এলাকা। বেশ কিছু সন্দেহভাজন মানুষকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। বর্তমানে পুরো বিষয়টি বিএসএফ ও পুলিশের যৌথ নজরদারিতে খতিয়ে দেখা হচ্ছে।"