উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : জমিজমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী এক মহিলাকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃতের নাম সমীর অধিকারী (৪৮)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সম্বিতেশতলা এলাকায় জমিজমা সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় সমীর অধিকারী প্রতিবেশী এক মহিলাকে মারধর করেন। ঘটনার পর ওই রাতেই জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জয়নগর থানার পুলিশ।তদন্তের পর রবিবার সন্ধ্যায় সম্বিতেশতলায় অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে সমীর অধিকারীকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।সোমবার ধৃতকে জয়নগর থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা কারণ এবং মারধরের অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।