পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পাশাপাশি এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ ঘিরে রবিবারও উত্তাল রইল দিল্লি। অন্যদিকে, এদিন জ্ঞানেশের অপসারণের দাবিতে মহারাষ্ট্রে একযোগে পথে নেমে বিশাল মিছিল করলেন উদ্ধব এবং রাজ ঠাকরে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশজুড়ে বিরোধী দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে।
রবিবার দিল্লির যন্তর মন্তরে নাগরিক সমাজ এবং যুব কংগ্রেসের জোড়া মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী।
এদিন জ্ঞানেশের ইস্তফার দাবিতে ইন্ডিয়া গেটের দিকে এগোনোর সময় আপ নেতা সৌরভ ভরদ্বাজকে আটক করে পুলিশ। বিক্ষোভে শামিল হয় ছাত্র সংগঠন আইসা এবং এনএসইউআই-ও। আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকে কোনও মহিলা পুলিশ ছাড়াই অশোক রোড থেকে আটক করা হয় বলে অভিযোগ। পাশাপাশি আটক করা হয় স্বাধীন সাংবাদিক রোজ়িকেও। নারী নিরাপত্তার প্রশ্নে দিল্লি পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করে সরব হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সিজেপি প্রধান অভিজিৎ দীপকে।
অন্যদিকে, রবিবার দক্ষিণ মুম্বইয়ের মেট্রো সিনেমা থেকে বৃহন্মুম্বই পুরনিগম পর্যন্ত বিশাল মিছিলে হাঁটেন বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব এবং ভাইপো রাজ। সভা থেকে জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং মহারাষ্ট্রে এসআইআর বাতিলের জোরালো দাবি ওঠে। রাজ ঠাকরে অভিযোগ করেন, গত বিধানসভা ভোটে ৪০-৬০ লক্ষ ভুয়ো ভোটার ঢোকানোর পর এখন বিজেপি নিজেদের সুবিধার্থে এসআইআর-এর মাধ্যমে মহারাষ্ট্রের ২ কোটি ভোটারের নাম বাদ দিয়েছে। এর পাশাপাশি, জ্ঞানেশের অস্বস্তি আরও বাড়িয়ে তাঁর বিরুদ্ধে পুরনো একটি দুর্নীতি ও আত্মহত্যার মামলার ফের তদন্তের নির্দেশ দিয়েছে কেরল সরকার। তিনি কেরলের পূর্তসচিব থাকাকালীন এক মালয়েশীয় আধিকারিকের আত্মহত্যার ওই ঘটনায় ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাকি দুই নির্বাচন কমিশনারের আপত্তি উপেক্ষা করেই এসআইআর সংক্রান্ত একাধিক একতরফা সিদ্ধান্ত নিয়েছিলেন জ্ঞানেশ কুমার। গত ১০ মাসে তাঁর বিরুদ্ধে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন বাকি দুই কমিশনার। এই প্রেক্ষাপটে সিজেপি জানিয়েছে, অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা না দিলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ফের বড়সড় বিক্ষোভ সংঘটিত হবে।