পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বইয়ের ঐতিহ্যবাহী শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিবাদ সমাবেশ চলাকালীন চরম ট্র্যাজেডি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আয়োজিত গণবিক্ষোভে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের। শুক্রবার বিকেলের এই ঘটনায় মৃতের নাম গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই বলে শনাক্ত করেছে পুলিশ। তিনি প্রতিবেশী থানে জেলার 'দোস্তি ওয়েস্ট কাউন্টি' (বি উইং)-এর বাসিন্দা ছিলেন।
শিবাজি পার্ক থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সিজেপি-র এই বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শিবাজি পার্কে পৌঁছান গোপালকৃষ্ণ। তবে তীব্র প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার পর বিকেল ৫টা নাগাদ তিনি বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন। ঘটনাস্থলে উপস্থিত বন্ধু ও কর্তব্যরত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। তীব্র গরম ও ভীড়ের কারণে হৃদরোগে আক্রান্ত হওয়াতেই এই মর্মান্তিক পরিণতি বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান।
ভোটার তালিকা সংশোধন বা 'স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন' (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগে এই সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি। শুক্রবার বিকেল ৪টে থেকে কড়া রোদের মধ্যে কর্মসূচি শুরু হয়। পুলিশের পক্ষ থেকে কোনো আগাম অনুমতি না থাকা সত্ত্বেও ঐতিহাসিক এই মাঠ ও তার আশপাশের চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। অনভিপ্রেত মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।