পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারির পরদিনই আদালত থেকে জামিন পেলেন জিম মালিক দীপক কুমার ওরফে 'মোহাম্মদ দীপক'। প্রবীণ এক মুসলিম দোকানদারকে বজরং দলের কর্মীদের হাত থেকে রক্ষা করে চলতি বছরের শুরুতে নজর কাড়া এই জিম মালিককে শুক্রবার সন্ধ্যায় জামিনে মুক্তি দেয় স্থানীয় আদালত।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কোটদ্বারের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আদালতে দীপক কুমারকে হাজির করা হয়। আদালত ৫০,০০০ টাকার তিনটি ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ী সঞ্জীব টঙ্কের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে দীপক কুমারকে গ্রেফতার করা হয়েছিল। জানা যায়, সঞ্জীব টঙ্ক দীপক কুমারের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেছিলেন। বৃহস্পতিবার সকাল ১০:৩০ নাগাদ দীপক কুমার তাঁর দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। অভিযোগ পেয়ে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৩৫১(২) (অপরাধমূলক হুমকি) এবং ৩৫২ (ইচ্ছাকৃত অপমান) ধারায় মামলা রুজু করে।


 
 জামিন দেওয়ার পাশাপাশি আদালত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৩০ ধারার অধীনে দীপক কুমারকে একটি আইনি নোটিশ জারি করেছে। আদালত স্পষ্ট করে দিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে তিনি যদি এলাকায় কোনো প্রকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার কাজের সাথে যুক্ত হন বা শান্তি ভঙ্গ করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে কোটদ্বারে এক বৃদ্ধ মুসলিম বিক্রেতার পাশে দাঁড়িয়ে বজরং দল কর্মীদের বিরুদ্ধে সোচ্চার হন দীপক। বচসার একপর্যায়ে নিজেকে 'মোহাম্মদ দীপক' বলে পরিচয় দেওয়ার পর তাঁর সেই ভিডিও ভাইরাল হয় এবং তিনি রাজ্যজুড়ে চর্চায় আসেন।