উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : রাজ্য সরকারের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হল তিনদিনের ‘সেবা সেতু’ অভিযান। রাজ্য সরকারের ঘোষিত ৬০টি জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা ও আবেদন গ্রহণের উদ্দেশ্যে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জয়নগর ও কুলতলিতেও আয়োজন করা হয়েছে বিশেষ শিবিরের।
জয়নগর-মজিলপুর পৌরসভার তত্ত্বাবধানে আমন্ত্রণ কমপ্লেক্সে এই শিবিরের আয়োজন করা হয়। পৌরসভার ছয়টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আমন্ত্রণ কমপ্লেক্সে এবং বাকি আটটি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য নিমন্ত্রণ কমপ্লেক্সে শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন, নথি সংক্রান্তসমস্যা মেটানো এবং পরিষেবা পাওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করা হচ্ছে শিবিরগুলিতে।
অন্যদিকে, জয়নগর ১ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে বহড়ু গার্লস এফপি স্কুলে জয়নগর বিধানসভার ছয়টি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি বারুইপুর পূর্ব বিধানসভার ছয়টি পঞ্চায়েতকে নিয়ে সেবা সেতু শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও ঢোষা নবীনচন্দ্র হাইস্কুলেও পৃথকভাবে শিবিরের আয়োজন করা হয়েছে।
জয়নগর ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে জয়নগর বিধানসভার ছয়টি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য নিমপীঠ বিবেকানন্দ ময়দানে শিবির বসে। পাশাপাশি কুলতলি বিধানসভা এলাকার চারটি পঞ্চায়েতকে নিয়ে ঘটিহারানিয়া গোষ্ঠের মাঠেও সেবা সেতু শিবিরের আয়োজন করা হয়।শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শিবিরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানানো, প্রয়োজনীয় নথি জমা দেওয়া এবং প্রকল্প সংক্রান্ত তথ্য জানতে বহু মানুষ শিবিরে আসেন।তবে প্রতিটি শিবিরেই মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে এখনও বঞ্চিত থাকা বহু মহিলা শিবিরগুলিতে এসে নিজেদের সমস্যার কথা জানান এবং প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনদিন ধরে চলা এই সেবা সেতু অভিযানের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা যাতে যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই বিভিন্ন পরিষেবা এক জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।আগামী দু’দিনও শিবিরগুলিতে সাধারণ মানুষের আবেদন ও পরিষেবা সংক্রান্ত কাজ চলবে।