পুবের কলম ওয়েব ডেস্ক: এজলাসে বিচারকের পরনে হিজাব দেখে আচমকাই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উঠলেন এক অভিযুক্ত। বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আদালত কক্ষে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও বিতর্ক তৈরি হয়। আদালতকক্ষের ভিতরে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে আইনজীবীদের সংগঠন। তবে ঘটনার পরেই অভিযুক্তের আইনজীবী এজলাসে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়ে জানান, বিচারকের উদ্দেশে এই স্লোগান দেওয়া হয়নি।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের একটি মামলায় এদিন মোট ২৪ জন অভিযুক্তকে আদালতে তলব করা হয়েছিল।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয়শঙ্কর মালাকার জানান, আদালতকক্ষের ভিতরে এই ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত এবং আদালত চাইলে এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলাও করতে পারত। অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক দিবাকর রায়ও স্পষ্ট জানান, আদালতকক্ষ সব ধরনের ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে একটি নিরপেক্ষ বিচারের স্থান, সেখানে কোনও ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান বিচার ব্যবস্থার মর্যাদার পরিপন্থী। তবে পরিস্থিতি সামাল দিতে অভিযুক্তদের আইনজীবী ত্রিদিপ দাবি করেন, বিষয়টি নিতান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অনেকেরই সম্ভাষণ জানানোর সময় এমন বাক্য ব্যবহারের অভ্যাস থাকে, তাই নাম ডাকার সময় অভিযুক্ত ব্যক্তি না বুঝেই তা বলে ফেলেছেন। বিচারকের প্রতি কোনও অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য ছিল না জানিয়ে তিনি তৎক্ষণাৎ আদালতকক্ষে ক্ষমা চেয়ে নেন।