পুবের কলম ওয়েব ডেস্ক: পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন। তার প্রাক্কালে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে শুক্রবার, ২ অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির বা ‘সেবা সেতু অভিযান’। কলকাতার ১৬টি বরো এবং রাজ্যের সমস্ত ব্লকে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড ও পিএম স্বনিধি-সহ মোট ২০টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা ও নতুন করে আবেদনের সুযোগ পাবেন।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই প্রতিটি পরিবারের কাছে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের প্রকল্পগুলির সুফল পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে শিবিরের খবর ছড়িয়ে দেওয়ার জন্য বিধায়কদেরও ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি আধিকারিকরা বিভিন্ন প্রকল্পের ফর্ম-সহ শিবিরে উপস্থিত থেকে পরিষেবা দেবেন। আবেদনকারীদের সুবিধার্থে শিবিরে একাধিক ব্যাঙ্কের বিশেষ কাউন্টারও খোলা হচ্ছে।
কলকাতায় প্রতি দুটি ওয়ার্ড পিছু একটি করে এমন সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
এদিকে পুরকর্মীদের একাংশের অনুমান, অন্নপূর্ণা যোজনার ফর্ম তোলা ও জমা নেওয়াকে ঘিরে শিবিরগুলিতে উপচে পড়া ভিড় এবং অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। ফলে সেই কাউন্টারগুলির দিকে আলাদা করে বিশেষ নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের ভিড় সামাল দিতে এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুরসভার তরফে প্রতিটি শিবিরে বাড়তি পুলিশ মোতায়েনের জন্য লালবাজারকে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুযায়ী শিবিরগুলিতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।