পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট বা অপসারণের দাবি এবং জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে রণকৌশল চূড়ান্ত করতে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসল ইন্ডিয়া (INDIA) জোট। ‘ভোটচুরি’ বিতর্কে জাতীয় স্তরে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তুলতে মূলত কংগ্রেস এই বৈঠক ডাকলেও, বিরোধীদের একজোট করার প্রাথমিক উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আম আদমি পার্টি (আপ) এবং ডিএমকে অংশ নেয়নি। গরহাজির ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও।

ফলে বিরোধী ঐক্যে ফের একবার স্পষ্ট হয়ে উঠল মতবিরোধ।
সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণেই অখিলেশ বৈঠকে যোগ দিতে পারেননি। তবে রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনই এই দূরত্বের মূল কারণ। রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস অন্তত ১৫০টি আসন দাবি করায় আপত্তি রয়েছে সমাজবাদী শিবিরের।

এদিকে কংগ্রেসের সঙ্গে দূরত্বের ইঙ্গিত দিয়ে ডিএমকে মুখপাত্র টি.কে.এস. এলাঙ্গোভান জানিয়েছেন, অখিলেশের অনুপস্থিতিতে জোটের উপর বড় কোনও প্রভাব পড়বে না। তাঁর বক্তব্য, অনেক দলের সরাসরি কংগ্রেসের সঙ্গে একমঞ্চে দাঁড়াতে দ্বিধাবোধ থাকলেও সবার মূল লক্ষ্য এক, আর তা হলো বিজেপির বিরোধিতা করা। ফলে বৈঠকে সবার ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। তাৎপর্যপূর্ণভাবে, শীর্ষ নেতাদের একাংশের অনুপস্থিতির মাঝেই দিল্লির এই বৈঠকে পাশাপাশি দেখা গিয়েছে সনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে।