পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর প্যান্ডেলে প্রবেশের জন্য ইউনেস্কোর নামে ভুয়ো পাস বিক্রির অভিযোগে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে এলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। মঙ্গলবার সকালে তাঁর কসবার বাড়ি-সহ বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ইউনেস্কোর নাম ভাঙিয়ে এই আর্থিক তছরূপের পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা। এই দুর্নীতির সঙ্গে প্রাক্তন মন্ত্রীর স্ত্রী মধুছন্দা সেনও যুক্ত রয়েছেন বলে কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান।
জানা গিয়েছে, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নামে একটি সংস্থা নিজেদের ইউনেস্কোর অফিশিয়াল পার্টনার হিসেবে দাবি করে প্রচার শুরু করে। অভিযোগ, এরপর কলকাতার দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ বা পরিক্রমার নামে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের কাছে বেআইনিভাবে চড়া দামে এন্ট্রি পাস বা টিকিট বিক্রি করা হত। এই ‘মাস আর্ট’ সংস্থার ম্যানেজার হিসেবে রয়েছেন অরিজিৎ দাশগুপ্ত এবং প্রাক্তন মন্ত্রীর স্ত্রী মধুছন্দাও এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলে দাবি ইডির। এই বিপুল প্রতারণার শিকার হয়ে গত জুন মাসে বউবাজার থানায় আর্থিক তছরূপের অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেই সময় ইন্দ্রনীল সেন যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও, ওই অভিযোগের ভিত্তিতেই এবার তদন্তে নামল ইডি।
মঙ্গলবার সকালে একাধিক দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইন্দ্রনীল সেনের কসবার বাসভবন ছাড়াও ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তর পঞ্চসায়রের বাড়ি, হিন্দুস্তান পার্ক ও হাইল্যান্ড পার্কের বেশ কিছু ঠিকানায় অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। পাশাপাশি, প্রাক্তন মন্ত্রীর সিঙ্গুরের একটি বাগানবাড়িতেও ইডি হানা দিয়েছে বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে প্রতিটি জায়গা ঘিরে রেখে দুর্নীতির উৎস সন্ধানে এই জোরদার তল্লাশি চালানো হচ্ছে। দুর্গাপুজোর ঠিক আগে পুজো সংক্রান্ত দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সংস্থার এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।