পুবের কলম ওয়েবডেস্ক, শীত নামার আগেই বায়ুদূষণ ঠেকাতে দিল্লিতে একগুচ্ছ কড়াকড়ি ঘোষণা করেছে সরকার। ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে বৈঠকের পর জানানো হয়, ১ নভেম্বর থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করতে হবে। বাকি অর্ধেক কর্মী দপ্তরে থাকবেন।

একই দিন থেকে দিল্লির বাইরে নিবন্ধিত বিএস-৬ মান পূরণ না করা গাড়ির প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে। তবে বৈদ্যুতিক ও সিএনজিচালিত গাড়ি এবং জরুরি পরিষেবার যান এই নিয়মের বাইরে থাকবে।

বৈধ দূষণ নিয়ন্ত্রণ সনদ না থাকলে গাড়িতে জ্বালানি না দেওয়ার ব্যবস্থাও জোরদার করা হবে।

১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ধুলা তৈরি করে এমন নির্মাণ ও ভাঙার কাজ বন্ধ থাকবে। ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সব নির্মাণ ও ভাঙার কাজ পুরোপুরি বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

এছাড়া অনুমোদিত পার্কিংয়ে ফি দ্বিগুণ হবে। দিল্লির পুরসভার দপ্তর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা এবং দিল্লি সরকারের দপ্তর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। বায়ুর মান নজরদারিতে পর্যবেক্ষণ কেন্দ্র ৪৭ থেকে বাড়িয়ে ৬০টি এবং প্রয়োগকারী দল ৩৩৪টি করা হয়েছে।