নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ এই নির্দেশ দেয়।

কংগ্রেসের অভিযোগ ছিল, হাসিরানি ১৯৬৫ সালে মাধ্যমিক পাশ করেছেন বলে শংসাপত্র জমা দিয়েছেন। অথচ হলফনামায় তাঁর বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ফলে বয়স ও শিক্ষাগত যোগ্যতার তথ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করে তাঁর মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়েছিল।

আদালতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, মনোনয়ন যাচাইয়ের সময় আপত্তি না জানালে পরে এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সীমিত। হাসিরানির আইনজীবীও দাবি করেন, নির্ধারিত সময়ে কোনও আপত্তি জানানো হয়নি।

সব পক্ষের বক্তব্য শোনার পর কংগ্রেসের মামলা খারিজ করে দেয় হাই কোর্ট।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। ৯ অক্টোবর ফল প্রকাশ। বিজেপির প্রার্থী হাসিরানি রথ। অন্যদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান পুরনো মামলায় গ্রেফতার হয়েছেন এবং তৃণমূল তাঁকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়েছে।