পুবের কলম ওয়েব ডেস্ক: বিরোধী দলনেতা থাকাকালীন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কার্যালয় তথা ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি সংক্রান্ত মামলাটি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালতে কোলাঘাট থানার পুলিশের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে, সেদিনের তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। একটি ফাঁকা সিজার লিস্ট তৈরি করা হয়েছিল এবং ওই ঘটনার তদন্ত আর এগোয়নি। এই রিপোর্টের ভিত্তিতেই আদালত মামলাটি খারিজ করে দেয়।
গত ২০২৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনের সময় কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ওই ভাড়াবাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। পুলিশের দাবি ছিল, এক দুষ্কৃতীর খোঁজে তারা সেখানে গিয়েছিল। ঘটনার সময় শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন না, তিনি অন্য একটি রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন। পুলিশি অভিযানের খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। পরে কর্মসূচি সেরে শুভেন্দু সোজা কোলাঘাট থানায় গেলেও কোনও পদস্থ আধিকারিকের দেখা পাননি বলে অভিযোগ করেছিলেন।
এই পুলিশি অভিযানের প্রতিবাদে এবং রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, হাই কোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই ৭০-৮০ জন পুলিশকর্মী তাঁর বাড়ি ঘিরে তল্লাশি চালান। নিয়ম মেনে তাঁর উপস্থিতিতে তল্লাশি বা ভিডিওগ্রাফি কিছুই করা হয়নি। এমনকী, পুলিশের সঙ্গে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আই-প্যাকের লোকজনও ছিলেন বলে তিনি দাবি করেছিলেন। তবে পুলিশের দেওয়া চূড়ান্ত রিপোর্টের পর অবশেষে মামলাটির নিষ্পত্তি করল উচ্চ আদালত।