পুবের কলম ওয়েবডেস্ক, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির জব্দ করা অর্থ ছাড় করার প্রস্তাব দেওয়ার খবর অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছিল। তবে সোমবার ট্রাম্প বলেন, তিনি ইরানকে কোনো ধরনের প্রস্তাব দেননি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প অ্যাক্সিওসের প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেন।

তাঁর দাবি, সংবাদমাধ্যমটির প্রতিবেদনটি প্রত্যাহার করা উচিত।

অ্যাক্সিওসের প্রতিবেদনে কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছিল, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে এবং জব্দ করা অর্থ ছাড় করতে রাজি ট্রাম্প।

এমন সময় এই খবর সামনে এল, যখন নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কাতারের মধ্যস্থতাকারীদের বৈঠকের প্রস্তুতি চলছিল। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে কোনো সরাসরি বৈঠক এখন নির্ধারিত নেই।

এর আগে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল ইরান। তেহরান জানিয়েছিল, ওয়াশিংটন সেই প্রস্তাব মেনে নিলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। শনিবার ট্রাম্প সেই প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন। তবে রোববার অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে দুই পক্ষের আলোচনা আবার শুরু হতে পারে বলে তিনি আশাবাদী।