মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে করা জনস্বার্থ মামলার দ্রুত শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, আগামী সপ্তাহে মামলাটির শুনানি হবে।

এই আবহেই বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’ জোটের একাধিক বিরোধী দল। SIR এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে। তবে আপ ও ডিএমকের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ দলের অনুপস্থিতি থাকছে বৈঠকে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দুই নির্বাচন কমিশনারের আপত্তির বিষয়টি সামনে আসার পর থেকেই বিতর্ক আরও বেড়েছে। বিরোধীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁদের মতামত উপেক্ষা করা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের দাবি, মতপার্থক্য থাকলেও সিদ্ধান্ত নেওয়া হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

এদিকে দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৈঠকে নির্বাচন কমিশন ও SIR নিয়ে আলোচনা হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী মমতার দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও জ্ঞানেশের বিরুদ্ধে সরব হয়ে ভোটার তালিকা ও SIR নিয়ে স্বচ্ছতার দাবি তুলেছেন।