২০২৪ সালের সম্ভল হিংসার ঘটনায় অভিযুক্ত মুল্লা আফরোজকে জাতীয় সুরক্ষা আইন (NSA)-এ আটক করার সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন:
আফরোজের বিরুদ্ধে NSA প্রয়োগের মূল ভিত্তি হিসেবে পুলিশ হেফাজতে দেওয়া তাঁর একটি কথিত বয়ান ব্যবহার করা হয়েছিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, পুলিশ হেফাজতে দেওয়া এমন বয়ানকে একমাত্র ভিত্তি করে কাউকে প্রতিরোধমূলক ভাবে আটক করা যায় না।
এই যুক্তিতেই আগে এলাহাবাদ হাই কোর্টের দেওয়া আটকাদেশ বহাল রাখার রায়ও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।আরও পড়ুন:
এর আগে আফরোজকে ২০২৫ সালের জানুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে NSA প্রয়োগ করা হয়। আফরোজের দাবি ছিল, তাঁর আটক আইনসঙ্গত নয়। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের যুক্তি ছিল, তাঁকে মুক্তি দিলে ফের আইনশৃঙ্খলার অবনতি এবং হিংসার আশঙ্কা রয়েছে।
তবে সুপ্রিম কোর্ট সেই যুক্তি গ্রহণ করেনি।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে সম্ভলের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে সংঘর্ষ ও হিংসার ঘটনায় চার জনের মৃত্যু হয় এবং বহু পুলিশকর্মী আহত হন। ওই ঘটনায় আফরোজের বিরুদ্ধে মামলা হয়।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের এ দিনের রায়ের ফলে আফরোজের বিরুদ্ধে NSA-র অধীনে জারি করা প্রতিরোধমূলক আটকাদেশ বাতিল হয়ে গেল। তবে তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য ফৌজদারি মামলার আইনি প্রক্রিয়া এই রায়ের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে শেষ হচ্ছে না।