পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল বা 'সিট' ভাঙার আবেদনে আপাতত কোনও সিদ্ধান্ত নিল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ জানিয়ে দেন, এই মামলার শুনানির উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। তাই এই পরিস্থিতিতে হাই কোর্ট কোনও পদক্ষেপ করতে পারবে না। সিট ভাঙতে হলে সিবিআইকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
রাজ্যের শিক্ষা ও পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য ২০২২ সালে হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু সিবিআই এখন এই দলটিকে ভেঙে দিতে চাইছে। মঙ্গলবার আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, গত পাঁচ বছর ধরে সিট কাজ করছে। এর মধ্যে অনেক আধিকারিকের অবসর বা পদোন্নতি হয়েছে। সিট থেকে বেরোতে না পারায় তাঁদের নানা বিষয় আটকে থাকছে। সিবিআইয়ের আরও যুক্তি, অধিকাংশ মামলার তদন্তই শেষ। বাকি কাজ সংস্থার নিজস্ব দুর্নীতিদমন শাখাই সামলাতে পারবে।আরও পড়ুন:
অন্যদিকে, সিবিআইয়ের এই পদক্ষেপে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। তাঁদের দাবি, প্রাথমিক তদন্ত সম্পূর্ণ না করে মাঝপথে সিট ভাঙা হলে তদন্তের মূল উদ্দেশ্যই ধাক্কা খাবে। বিচারপতি সিংহও এদিন তদন্তের বর্তমান পর্যায়, ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিবিআইয়ের এই আবেদন শুনতে রাজি হননি এবং মামলাটিকে আপাতত শুনানি তালিকার বাইরে পাঠিয়ে দিয়েছেন।