পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের দাবিতে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোট। তবে বিরোধীদের এই যৌথ মঞ্চে বড় ধাক্কা লেগেছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গরহাজিরায়। ভোটচুরির অভিযোগকে সামনে রেখে জাতীয় স্তরে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ে তুলতে মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু দুই গুরুত্বপূর্ণ নেতার অনুপস্থিতির জেরে বৈঠকের আগেই বিরোধী ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণেই অখিলেশ যাদব এই বৈঠকে যোগ দিতে পারছেন না। তবে রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশে আসন বণ্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির টানাপোড়েনই এই সিদ্ধান্তের মূল কারণ। রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস অন্তত ১৫০টি আসন দাবি করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সমাজবাদী পার্টি। তাদের মতে, নিজেদের প্রকৃত শক্তির তুলনায় কংগ্রেস অনেকটাই বেশি আসন দাবি করছে।
এদিকে অখিলেশের গরহাজিরা নিয়ে মুখ খুলেছে জোটের অন্যতম শরিক ডিএমকে। দলের মুখপাত্র টি কে এস এলাঙ্গোভান জানান, অখিলেশের অনুপস্থিতি জোটের বৃহত্তর লক্ষ্যে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না। তাঁর মতে, বেশ কিছু দল হয়তো সরাসরি কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে দ্বিধাবোধ করছে, কিন্তু বিজেপির বিরোধিতায় সব বিরোধী দলের উদ্দেশ্য ও মূল লক্ষ্য এক। তাই ব্যক্তিগতভাবে কারও সভায় উপস্থিত না থাকা বিশেষ কোনও বাধা হয়ে দাঁড়াবে না।