পুবের কলম ওয়েব ডেস্ক: তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগের দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আইসিটি (ICT) কম্পিউটার শিক্ষকরা। সোমবার দুপুর থেকে শুরু হওয়া এই অবস্থান বিক্ষোভ মঙ্গলবারও অব্যাহত থাকে। রাতভর অবস্থানের পর এদিন সকাল থেকে আন্দোলনের তীব্রতা আরও বাড়ে। দাবি পূরণ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
জানা গিয়েছে, আন্দোলনকারী শিক্ষকরা আইসিটি ঐক্য মঞ্চের ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের (ফেজ) অন্তর্ভুক্ত।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর ধরে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের শিক্ষকরা ওয়েবেল স্কুল নেট বা এক্সট্রা মার্কের মতো এজেন্সির অধীনে কাজ করছেন। অথচ প্রথম থেকে পঞ্চম পর্যায়ের শিক্ষকরা আগেই সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাই অবিলম্বে এজেন্সি প্রথা বাতিল করে তাঁদেরও সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করতে হবে এবং ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির সুনিশ্চয়তা দিতে হবে।