পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কথুয়ায় একটি সিআইএসএফ ক্যাম্পে বচসার জেরে সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক হেড কনস্টেবলের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় ক্যাম্পের এক শীর্ষ আধিকারিক-সহ মোট চার জন জওয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত হেড কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সিআইএসএফের অন্দরে।


বাহিনীর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ডিউটি বদলের সময়ে হেড কনস্টেবল অবধেশ সিংয়ের সঙ্গে সহকর্মীদের বচসা শুরু হয়। সেই তর্কাতর্কি ক্রমে চরমে পৌঁছালে হঠাৎই নিজের সার্ভিস রাইফেল দিয়ে সামনে থাকা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন অবধেশ। গুলিবৃষ্টিতে চার জন গুরুতর জখম হন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি; চিকিৎসাধীন অবস্থাতেই চার জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন সহকারী কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল সঞ্জীব কুমার এবং কনস্টেবল মহম্মদ রফিক। ঠিক কী কারণে এই বচসা শুরু হয়েছিল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সিআইএসএফ সদর দফতর। বাহিনীর ডিরেক্টর জেনারেল স্বয়ং পুরো পরিস্থিতি এবং তদন্ত প্রক্রিয়ার উপর নজর রাখছেন।