পুবের কলম ওয়েব ডেস্ক:১১দুর্গাপুজোর আর মাত্র ১৮ দিন বাকি। প্রতিমা গড়ার কাজ প্রায় শেষের মুখে এবং মণ্ডপগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আবহে কেনাকাটা করতে শহর এবং শহরতলি থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন শপিং মল ও পাইকারি বাজারে। সড়ক ও লোকাল ট্রেনের পাশাপাশি পাতালরেলেও যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে পুজোর আগের দু'টি সপ্তাহান্তে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ৩-৪ অক্টোবর এবং ১০-১১ অক্টোবর শনি ও রবিবারে চলবে এই অতিরিক্ত পরিষেবা।
মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে এই পরিষেবা বৃদ্ধি করা হচ্ছে। পুজোর আগের শনিবারগুলিতে (৩ ও ১০ অক্টোবর) ব্লু লাইনে ২৫২টির পরিবর্তে ২৭২টি এবং ইয়েলো লাইনে ৯২টির জায়গায় ১২০টি মেট্রো চলবে। গ্রিন লাইনে রেক চালিয়ে পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। রবিবারগুলিতেও (৪ ও ১১ অক্টোবর) ব্লু লাইনে ১৫২টির পরিবর্তে ১৮৮টি এবং গ্রিন লাইনে ১১১টির জায়গায় ১২৫টি মেট্রো চলবে। এ ছাড়া রবিবারে ইয়েলো লাইনে চালানো হবে ৭৮টি মেট্রো। একই সঙ্গে জয় হিন্দ বিমানবন্দর ও দক্ষিণেশ্বরের মধ্যে দু'টি সরাসরি ট্রেন পরিষেবা চালু থাকবে।
যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও কোনও লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল আনা হচ্ছে না। নিয়ম অনুযায়ী পার্পল লাইনে শনিবারের পরিষেবা অপরিবর্তিত থাকবে এবং রবিবারে এই লাইনে মেট্রো চলবে না। অন্যদিকে, অরেঞ্জ লাইনে শনি ও রবিবার স্বাভাবিক নিয়মেই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। সপ্তাহান্তের এই বিশেষ ব্যবস্থার ফলে উৎসবের কেনাকাটা করতে বের হওয়া সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে।