পুবের কলম ওয়েব ডেস্কঃ বীরভূমের হাসানের নওপাড়া বুথে সেখানকার তৃণমূল প্রার্থী কাজল শেখকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে। তাঁর কাছে নির্বাচন কমিশনের অনুমতি থাকার পরেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। কাজলের দাবি, কেন্দ্রীয় বাহিনী নিয়ম মানছে না।

আজ প্রথম দফার ভোট গ্রহণ চলছে বাংলার ১৫২ টি কেন্দ্রে। নিজের কেন্দ্র হাসনের বুথে বুথে পরিদর্শন করতে যান কাজল।

অভিযোগ, সেই সময় নওপাড়া গ্রামের বুথে তিনি ভিতরে প্রবেশ করতে গেলে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বাধা দেয়। এনিয়ে জওয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয় কাজলের। ফলে বেশ কিছুক্ষণ ধরে তিনি বাইরে দাঁড়িয়ে থাকেন। কাজল জানান, তাঁর কাছে কমিশনের দেওয়া প্রার্থী হিসেবে পরিচয় পত্র ছিল। তা দেখার পরও কেন্দ্রীয় বাহিনী বাধা দেয়।
কাজলের দাবি, নিয়ম অনুযায়ী কোনও প্রার্থীকে বুথে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ ভিতরে ঢুকতে দিতে হবে। অথচ নির্বাচন কমিশনের মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীই সেই নিয়ম মানছে না। এটা পুরোপুরি বেআইনি। যদিও পরে বুথ থেকে এক ভোট কর্মী বেরিয়ে এলে কাজলকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়।