পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন উপনির্বাচনে ‘খাম’ প্রতীক বরাদ্দ নিয়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও এই মামলার রায় দিয়ে স্পষ্ট জানান, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর আদালত তাতে কোনও হস্তক্ষেপ করতে চায় না। আদালতের এই রায়ের ফলে প্রতীক বিতর্কে আপাতত বড়সড় স্বস্তি পেল ঋতব্রত তৃণমূল শিবির।
আগামী ৬ অক্টোবর রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই দুই কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন এক অন্তর্বর্তী নির্দেশে ‘খাম’ প্রতীকটি ঋতব্রত তৃণমূলকে ব্যবহারের অনুমতি দেয়।
পালটা সওয়ালে নির্বাচন কমিশন জানিয়েছিল, কোনও মুক্ত প্রতীক কারও নিজস্ব সম্পত্তি নয় এবং নির্দিষ্ট নিয়মের বাইরে একই প্রতীক কোনও দলকে দু’বারের বেশি দেওয়ার আইনি বাধ্যবাধকতা নেই। গত ২৮ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছিল। অবশেষে বুধবার আদালত স্পষ্ট করে দেয় যে ভোট প্রক্রিয়ার মাঝে বিচারবিভাগ নাক গলাবে না, ফলে কমিশনের নির্দেশ বহাল রেখেই মামলাটি খারিজ করে দেওয়া হয়।