পুবের কলম ওয়েব ডেস্ক: পুজোর আগে শেষ মুহূর্তের কেনাকাটার মুখে আবহাওয়া নিয়ে সুখবর দিতে পারল না আবহাওয়া দফতর। মায়ানমার উপকূল, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর জেরে উত্তাল হতে পারে সমুদ্র, তাই বুধবার থেকেই মৎস্যজীবীদের উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সংশ্লিষ্ট নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হবে। তবে এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরের পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে সেখানে বৃষ্টির দাপট কমবে। বাংলাদেশ ও মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দফতর সতর্ক করেছে।