পুবের কলম, ওয়েবডেস্ক: অসংগতিপূর্ণ বা আয়ের অতিরিক্ত সম্পত্তির মামলায় বিহারের এক উচ্চপদস্থ প্রশাসনিক দম্পতির বাড়িতে এনফোর্সমেন্ট হানা দিয়ে তাজ্জব বনে গেলেন ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে নগদ ১ কোটি টাকারও বেশি নগদ অর্থ, বিপুল পরিমাণের সোনার গয়না, কোটি টাকার বিলাসবহুল ঘড়ি এবং একাধিক বেনামী সম্পত্তির নথিপত্র।
অভিযুক্ত আমলা দম্পতি হলেন পাটনার অতিরিক্ত জেলা শাসক (সরবরাহ) রবীন্দ্র কুমার দিবাকর এবং তাঁর স্ত্রী দানাপুরের জেলা সাব-রেজিস্ট্রার কুমারী সুইটি। সোমবার গোপন তথ্যের ভিত্তিতে বিহার ভিজিল্যান্স ব্যুরোর একাধিক দল পাটনা ও বেগুসরাইয়ে তাঁদের বসতভিটে ও বিভিন্ন আস্তানায় একযোগে এই অভিযান পরিচালনা করে।
অভিযান এতটাই ব্যাপক ছিল যে নগদ টাকা গুনতে ভিজিল্যান্স আধিকারিকদের বিশেষ নোট গনার মেশিন আনাতে হয়।
ভিজিল্যান্স ব্যুরোর আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত নথি ও বাজেয়াপ্ত সামগ্রীর চূড়ান্ত মূল্যায়ন শেষে আয়ের অতিরিক্ত সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ হিসাব বের করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অভিযান ও নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই ওই আমলা দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সরকারি পদে থেকে কোটি কোটি টাকার বেনামী সম্পত্তি জমানোর এই ঘটনা বিহারের প্রশাসনিক অলিন্দে বড়সড় ঝাঁকুনি দিয়েছে।