পুবের কলম ওয়েব ডেস্ক:  উত্তরপ্রদেশের আসন্ন রাজ্যসভা নির্বাচনে বড় চমক দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। দলের টিকিটে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি তথা রিলায়েন্সের শীর্ষকর্তা ধনরাজ নাথওয়ানিকে। তাৎপর্যপূর্ণভাবে, মাস কয়েক আগেই ধনরাজের বাবা পরিমল নাথওয়ানি এনডিএ-র সমর্থনে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে রিলায়েন্সের শীর্ষনেতৃত্বের একজনকে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে ময়দানে নামানো রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রিলায়েন্স গোষ্ঠীর শীর্ষ পদে থাকার পাশাপাশি ক্রিকেট প্রশাসক হিসেবেও পরিচিত ধনরাজ।

রিলায়েন্সের জামনগরের উৎপাদন বিভাগ সামলানো, গুজরাটে জিয়োর ব্যবসা তদারকি, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং ডিফেন্স সিস্টেমের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর পাশাপাশি তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, যে পদে একসময় ছিলেন অমিত শাহ। এবার বিজেপি বা এনডিএ নয়, সরাসরি বিরোধী দল সমাজবাদী পার্টির সমর্থনে সক্রিয় রাজনীতিতে পা রাখছেন তিনি।
আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশের ১০টি রাজ্যসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে বিধানসভায় এনডিএ-র বিধায়ক সংখ্যা ২৯৪, যার ফলে তাদের ৭টি আসনে জয় নিশ্চিত।
অন্যদিকে সমাজবাদী পার্টির বিধায়ক সংখ্যা ১০০, কংগ্রেসের বিধায়ক ২ জন এবং সপার টিকিটে নির্বাচিত হয়েও ১২ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। সেই হিসাবে অখিলেশ যাদবের দলের দুটি আসনে অনায়াস জয় নিশ্চিত। দল প্রথম নিশ্চিত আসনে প্রবীণ নেতা রামগোপাল যাদবকে এবং দ্বিতীয় নিশ্চিত আসনে ধনরাজকে প্রার্থী করেছে।
এদিকে দশম আসনটিকে কেন্দ্র করে লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হিসেব বলছে, বিজেপি পাঁচজন বিধায়ককে ক্রস-ভোট করাতে পারলে অষ্টম আসনটি জিতবে, সেই আশায় তারা আটজন প্রার্থী দিচ্ছে। অন্যদিকে অখিলেশ যাদব যদি বারোজন বিধায়ককে ক্রস-ভোট করাতে পারেন, তবে সমাজবাদী পার্টি তৃতীয় আসনটি নিজেদের ঝুলিতে পুরতে পারবে। সপা সূত্রে খবর, দশম আসনে আরও একজন প্রার্থী দিয়ে সেই লক্ষ্যেই কৌশল তৈরি করছেন দলনেতা।