পুবের কলম, ওয়েবডেস্ক: রুশ সশস্ত্র বাহিনীতে ভারতীয় নাগরিকদের যোগদানের ক্রমবর্ধমান খবর এবং এর সঙ্গে জড়িত মারাত্মক প্রাণসংশয়ের বিষয়ে দেশবাসীকে ফের সতর্ক করল ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়াকে "একটি অত্যন্ত বিপজ্জনক পথ" আখ্যা দিয়ে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত দুই বছর ধরে এই ধরণের ঝুঁকির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও এখনও বহু ভারতীয় না বুঝে বা প্রলোভনে পড়ে এই বিপজ্জনক সিদ্ধান্ত নিচ্ছেন।
সামাজিক মাধ্যমে প্রতারণামূলক বিজ্ঞাপনের ফাঁদে পড়া ছাড়াও বিদেশ মন্ত্রকের নজরে এসেছে এক নতুন ও উদ্বেগজনক প্রবণতা।
বিদেশ মন্ত্রকের সদ্য প্রকাশিত নির্দেশিকায় এক চাঞ্চল্যকর তথ্যের অবতারণা করা হয়েছে। সাময়িক আর্থিক প্রলোভনে পড়ে কিছু ভারতীয় নাগরিক ভারত সরকারকে না জানিয়েই দেশের নাগরিকত্ব ত্যাগ করে রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করছেন এবং পরবর্তীতে রুশ সেনাবাহিনীতে নাম লেখাচ্ছেন। বিদেশ মন্ত্রকের কথায়, সরকারের কোনো মতামত ছাড়াই সিদ্ধান্ত নেওয়া এই সমস্ত ব্যক্তিরা নিজেদের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করার পর ভারত সরকারের পক্ষে আইনি বা কূটনৈতিক উপায়ে তাঁদের উদ্ধার বা সাহায্য করা অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়।
বিদেশ মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, রাশিয়ান সশস্ত্র বাহিনীতে কোনো সরকারি ব্যবস্থার বাইরে গিয়ে বেসরকারি বা স্বেচ্ছাসেবী বিভিন্ন চক্রের মাধ্যমে বিদেশি নাগরিকদের নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত ভারতীয় নাগরিক বিদেশে কাজের সন্ধানে যেতে চান, তাঁদের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে সঠিক তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।