পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ নজিরবিহীন বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ভোটার তালিকার ৬ নম্বর ফর্মের অনলাইন সংস্করণ থেকে বিতর্কিত অতিরিক্ত ঘোষণাপত্রটি সরিয়ে নিল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া সম্পন্ন হওয়া রাজ্যগুলিতে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে এখন থেকে মূল বিধিবদ্ধ ৬ নম্বর ফর্মই কার্যকর থাকবে। কমিশন অভ্যন্তরে দুই নির্বাচন কমিশনারের তোলা তীব্র আপত্তি ও সংবাদপত্র ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক্সক্লুসিভ রিপোর্টের পর এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এসআইআর সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও আদেশের বিরুদ্ধে গত ১০ মাসে অন্তত ১৪ বার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিলেন।
এসআইআর চলাকালীন অনলাইন ভোটার নিবন্ধন ফর্ম ৬-এর সাথে একটি অতিরিক্ত ঘোষণাপত্র যুক্ত করা হয়েছিল। এর অধীনে নতুন আবেদনকারীদের নিজেদের বা তাঁদের পিতামাতা ও পিতামহ-পিতামহীর নাম পূর্ববর্তী নিবিড় সংশোধনের ভোটার তালিকায় নিবন্ধিত ছিল কি না, তার বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। যে সমস্ত রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, সেখান থেকে ECINET অ্যাপ, কমিশনের মূল পোর্টাল এবং রাজ্যগুলির সিইও পোর্টাল থেকে এই অতিরিক্ত ফর্মটি সরিয়ে ফেলা হয়েছে।
কমিশনের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট করে বলা হয়েছে, তারা ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধির অধীনে থাকা মূল ৬ নম্বর ফর্মটিতে আইনি কোনো পরিবর্তন করেনি। এটি কেবল এসআইআর চলাকালীন সময়ের একটি অতিরিক্ত শর্ত ছিল এবং বিহার এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট এই শর্তকে বহাল রেখেছিল। গত ২৬ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেষ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, যে রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেছে সেখানে আর এই অতিরিক্ত ফর্মে তথ্য চাওয়া হবে না।