পুবের কলম ওয়েব ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাওয়ার পথে কংগ্রেসের দুই নেতাকে আটক করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম মুখ তথা কংগ্রেস নেতা সুকৃতিরঞ্জন বিশ্বাস এবং লেখক-সমাজকর্মী মানিক ফকির। বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের একটি হোটেল থেকে বেরনোর সময় পুলিশ তাঁদের পথ আটকে থানায় নিয়ে যায়। হাই কোর্ট থেকে জামিন পেয়ে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের এলাকায় ফিরে শেষবেলার প্রচারে নামার প্রস্তুতির মাঝেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।


জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চণ্ডীপুরের একটি গেস্ট হাউসে ছিলেন ওই দুই নেতা। অভিযোগ, রাতেই পুলিশ গেস্ট হাউসের চারপাশে ঘোরাঘুরি করছিল। বুধবার সকালে তাঁরা নন্দীগ্রামে প্রচারের উদ্দেশ্যে বের হতেই পুলিশ তাঁদের গাড়ি আটকায় এবং দীর্ঘ বাদানুবাদের পর তাঁদের নন্দীগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বা প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি।
আটক হওয়ার পর মানিক ফকির অভিযোগ করেন, নন্দীগ্রামের মানুষ মিলন প্রধানকে সমর্থন করছেন বলেই তাঁদের আটকে দেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক জরুরি প্রেস বিবৃতিতে জানিয়েছেন, কেবল কংগ্রেসের হয়ে প্রচার করার অপরাধেই এই প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে। এই অন্যায় আটকের তীব্র ধিক্কার জানিয়ে তিনি দাবি করেন, এই ঘটনাই প্রমাণ করে বাংলায় গণতন্ত্র কতটা বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে।