পুবের কলম ওয়েব ডেস্ক: দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভগামী একটি বিমানে মাঝআকাশে আচমকা ‘ছিনতাই’-এর জরুরি সংকেত পাঠানোকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় স্পষ্ট জানিয়েছে, বিমানটি আদৌ ছিনতাই হয়নি এবং সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়ানটিকে যাত্রাপথ ঘুরিয়ে ইতিমধ্যে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
ইজরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানটি মাঝআকাশে প্রথমে আন্তর্জাতিক মানদণ্ডের সাধারণ জরুরি অবস্থার ‘৭৭০০’ কোড পাঠায়। এর কয়েক সেকেন্ড পরেই বিমানটি থেকে ‘৭৫০০’ ট্রান্সপন্ডার কোড পাঠানো হয়, যা মূলত বিমান ছিনতাই হলে পাঠানো হয়ে থাকে।
হাইজ্যাকের বিষয়টি ইজরায়েল খারিজ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে কেন এমন সংকেত পাঠানো হয়েছিল। সূত্রের খবর, ককপিটের ভিতর দুই পাইলটের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হওয়ার জেরেই এমন সংকেত পাঠানো হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে বিমানের যাত্রাপথ বদল এবং এই ধরনের জরুরি সংকেত পাঠানোর বিষয়ে বিমানসংস্থা বা কোনও দেশের তরফেই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।