পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লি হিংসা মামলায় উমর খালিদ এবং সার্জিল ইমামের জামিনের আবেদন তৃতীয়বারের জন্য খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। বছর পাঁচেক আগে রাজধানী দিল্লিতে ঘটা ভয়াবহ হিংসার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। বুধবার সেই মামলাতেই অভিযুক্তদের বিচারবিভাগীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়েছে আদালত।
এদিন বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি দীনেশ ভাটের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদনটি খারিজ করে জানায়, গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে কোনও পরিবর্তন আনা হাই কোর্টের পক্ষে সম্ভব নয়।

সর্বোচ্চ আদালত সেই সময় স্পষ্ট জানিয়েছিল, সুরক্ষিত সাক্ষীদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া সম্পূর্ণ হলে অথবা নির্দেশ জারির তারিখ থেকে এক বছর পূর্ণ হলে—এই দুটোর মধ্যে যেটি আগে ঘটবে, তার ভিত্তিতেই দুই অভিযুক্ত জামিনের জন্য আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন দক্ষিণ-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনা ঘটে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান ৫৩ জন। হিংসায় ইন্ধন জোগানো এবং মূল ষড়যন্ত্রকারী হিসেবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর ও সার্জিলের নাম উঠে আসে।
উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ওই বছর সেপ্টেম্বর মাসে উমর খালিদকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ ও রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয়। যদিও পুলিশের এই পদক্ষেপ ঘিরে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। একাংশের অভিযোগ ছিল, মূলত সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকারীদের স্বর স্তব্ধ করতেই এই নেতাদের জেলবন্দি করা হয়েছে। গ্রেপ্তারির পর থেকে একাধিকবার জামিনের আবেদন করলেও প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে।