পুবের কলম ওয়েব ডেস্ক: সিটঙের একটি হোমস্টে-তে মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে নববধূর ঝলসে যাওয়ার ঘটনার পর এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। পাহাড়ে কতগুলি হোমস্টে রেজিস্ট্রেশন ছাড়াই চলছে, অবিলম্বে তার রিপোর্ট চেয়েছেন মন্ত্রী। পাশাপাশি, সমস্ত হোমস্টের উপর নজরদারি বাড়ানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
এ দিনের এই বৈঠকে দার্জিলিং ও কালিম্পঙের জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্যের পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা এবং কার্শিয়াঙের বিধায়ক সনম লামা-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পর্যটনমন্ত্রী জানিয়েছেন, পর্যটন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রীয় সরকার ৫৭ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, দুধিয়া এবং মংপুর মতো কেন্দ্রগুলিকে ঢেলে সাজানো হবে। পর্যটক টানতে আগামী দিনে চা উৎসব, ভিন্টেজ কার র্যালি, রিভার র্যাফটিং এবং প্যারাগ্লাইডিংয়ের মতো নানা রোমাঞ্চকর আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দার্জিলিঙের মূল সমস্যা যানজট, জঞ্জাল এবং পানীয় জলের সুরাহা করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। যানজট কমাতে প্রাথমিক ভাবে পাঁচটি রোপওয়ে প্রকল্প গড়ার বিষয়ে আলোচনা চলছে বলেও মন্ত্রী জানিয়েছেন। পর্যটন শিল্পকে আরও আধুনিক করতে দপ্তরের ওয়েবসাইটগুলিকেও নতুন করে সাজানো হচ্ছে।