পুবের কলম ওয়েব ডেস্ক: ৬২ বছর পর রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে একইদিনে প্রবেশ করল বর্ষা। প্রথমদিনেই ১৪৩০ কিমি দূরের দুই শহরের মানুষ তীব্র গরমের হাত থেকে রেহাই পেলেন। শেষবার ১৯৬১ সালের ২১ জুন একইদিনে বর্ষা ঢুকেছিল এই দুই শহরে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু একসঙ্গে ঢুকেছে দিল্লি ও মুম্বইয়ে। সাধারণত দিল্লিতে বর্ষা ঢোকে ২৭ জুন।

এবার দুদিন আগেই বৃষ্টি নামল রাজধানীতে। অন্যদিকে, মুম্বই ১১ জুন ভেজে বর্যায়। এবার প্রায় দু সপ্তাহ পর আরব সাগরের তীরে এসে পৌঁছল মৌসুমি বায়ু।

রবিবার ভোর থেকেই অবিশ্রান্ত বর্ষণ শুরু হয় দিল্লিতে। বহু জায়গায় জল জমে যায়।

হরিয়ানাতেও সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলে। গুরুগ্রামের একাধিক রাস্তা জলে ডুবে যায়। হরিয়ানার পাঁচকুলায় নদীর জল বেড়ে বান ডাকায় একটি ছোট গাড়ি ভেসে যায়। স্থানীয় বাসিন্দারা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একইভাবে মুম্বইতেও টানা বর্ষণে বহু রাস্তা এদিন জলমগ্ন হয়ে যায়।