পুবের কলম ওয়েব ডেস্ক: রাজধানীতে অ্যাপ-ক্যাব এবং বাইক ট্যাক্সিতে মহিলাদের সুরক্ষা নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় কড়া পদক্ষেপ করল দিল্লি হাই কোর্ট। যাত্রী সুরক্ষায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে ওলা, উবের এবং র‌্যাপিডোর মতো প্রথম সারির অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে নোটিস পাঠাল আদালত। পাশাপাশি, একই বিষয়ে কেন্দ্র এবং দিল্লি সরকারকেও জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।


শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, যে সংস্থাগুলি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা প্রদান করছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তাদের দায়বদ্ধ থাকা উচিত এবং এই সংক্রান্ত প্রশ্নের উত্তর তাদেরই দিতে হবে। আদিত্য সায়গল নামে এক ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, বর্তমানে দিল্লি-এনসিআর এলাকায় প্রতিদিন প্রায় দু'লক্ষের বেশি অ্যাপ-ক্যাব চলাচল করে। কিন্তু বিশেষ করে রাতের দিকে চালকদের নথিপত্র এবং পরিচয় সঠিকভাবে যাচাই করার উপযুক্ত পরিকাঠামো না থাকায় যাত্রীদের, মূলত মহিলাদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ে।
এই জনস্বার্থ মামলায় অ্যাপ-ক্যাব পরিষেবাগুলিকে কঠোর নজরদারির আওতায় আনার একাধিক দাবি জানানো হয়েছে।
মামলাকারীর আবেদন, প্রতিটি গাড়ি ও চালকের উপযুক্ত ভেরিফিকেশন প্রয়োজন। অ্যাপে দেখানো চালক বা গাড়ির বিবরণের সঙ্গে বাস্তবে মিল না থাকলে যাত্রীদের তৎক্ষণাৎ রাইড বাতিল করার অধিকার দিতে হবে এবং বিষয়টিকে 'সেফটি ইনসিডেন্ট' হিসেবে নথিভুক্ত করতে হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের জন্য ২৪ ঘণ্টার কমান্ড সিস্টেম চালু করার কথা বলা হয়েছে। গাড়িতে এসওএস বোতামের ব্যবস্থা রাখার দাবি উঠেছে, যা চাপলে রিয়েল-টাইম লোকেশন-সহ সরাসরি পুলিশ ও সংস্থার কাছে অ্যালার্ট পৌঁছবে। পাশাপাশি, যাত্রাপথে গাড়ি আচমকা রুট বদল করলে সতর্কবার্তা পাঠানো এবং অনভিপ্রেত ঘটনা এড়াতে চালকদের নিয়মিত প্রশিক্ষণের মতো বিষয়গুলিও সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে এই মামলায়।