পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটের ফল প্রকাশের পর বুধবার প্রথমবার সিউড়িতে গিয়ে জনরোষের মুখে পড়লেন তৃণমূলের ঋতব্রত শিবিরের নেতা অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই সিউড়ির পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাল তিন যুবক। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনি। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সিউড়ির পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূল কার্যালয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন অনুব্রত। সেই সময় আচমকা তিন যুবক গাছের ডাল ও লাঠি হাতে পার্টি অফিসে ঢুকে পড়ে। অনুব্রতর সামনেই তারা এসি, কাঁচের জানলা, চেয়ার-টেবিলে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকী, নেতার সামনের কাঁচের টেবিলেও আঘাত করা হয়। তাঁকে সরাসরি মারধর না করা হলেও, ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অনুব্রত মণ্ডল পুলিশের কাছে নিরাপত্তা দাবি করেন। এরপর কড়া পুলিশি পাহারায় তিনি সিউড়ি ছেড়ে বোলপুরের উদ্দেশে রওনা দেন।
হামলার কারণ হিসেবে অভিযুক্ত যুবকদের দাবি, দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানায় তারা নানাভাবে অত্যাচার ও শোষণের শিকার হয়েছেন। সেই জমে থাকা ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা। অভিযুক্তরা নিজেদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ বলে দাবি করলেও, উপস্থিত অনুব্রত অনুগামীদের পালটা অভিযোগ, পুলিশ যখন ওই যুবকদের আটক করে নিয়ে যাচ্ছিল, তখন তাদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।