পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হতেই বাণিজ্যিক ব্যবহারে ব্যবহৃত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই মূল্যবৃদ্ধির হার দেশের বিভিন্ন শহরে ভিন্ন। রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বেড়ে হয়েছে ২,৮১০ টাকা, যা সেপ্টেম্বরে ছিল ২,৭৪৭.৫০ টাকা। ইন্ডিয়ান অয়েল মারফত প্রকাশিত দরে এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন:
অন্যান্য প্রধান শহরগুলিতে মূল্যবৃদ্ধির পরিমাণ আরও কিছুটা বেশি। পাটনায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি—৭১.৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩,১০০.৫০ টাকায় (আগে ছিল ৩,০২৯ টাকা)। বাণিজ্য নগরী মুম্বাইতে সিলিন্ডার পিছু ৬৩ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ২,৭৬৪ টাকা এবং চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে হয়েছে ২,৯৮৩ টাকা।
আরও পড়ুন:
লখনউতে এই সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বেড়ে হয়েছে ২,৯৩২.৫০ টাকা।
অন্যদিকে লেহ্-তে এর দাম ৩,৩৮৫.৫০ টাকা থেকে বেড়ে ৩,৪৫০ টাকা, তাওয়াংয়ে ৩,০৭৩.৫০ টাকা, আমেদাবাদে ২,৮৩১.৫০ টাকা এবং কন্যাকুমারীতে ৩,০৪৬ টাকায় পৌঁছেছে। তবে রেস্তোরাঁ, হোটেল ও বাণিজ্যিক সংস্থাগুলির ওপর চাপ বাড়লেও স্বস্তি বজায় রয়েছে সাধারণ মধ্যবিত্ত ও গৃহস্থালির ক্ষেত্রে। ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি।আরও পড়ুন:
ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এলপিজির মানদণ্ড ও মুদ্রার বিনিময় হারের ওঠানামার ওপর ভিত্তি করেই ভারতে গ্যাসের দাম নির্ধারিত হয়। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে থাকা পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল এই মূল্যসংক্রান্ত যাবতীয় তথ্য বজায় রাখে।