পুবের কলম ওয়েব ডেস্ক: সিউড়ির তৃণমূল পার্টি অফিসে ঢুকে অনুব্রত মণ্ডলকে হুমকি এবং ভাঙচুর চালানোর ঘটনায় আটক তিন যুবককে ছেড়ে দিল পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় অনুব্রত মণ্ডল নিজে কোনও অভিযোগ দায়ের করেননি। পাশাপাশি পুলিশের তরফেও কোনও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়নি। ফলে বুধবার রাতে আটক করার পর কোনও লিখিত অভিযোগ না থাকায় বৃহস্পতিবার সকালে ওই তিন যুবককে ছেড়ে দেওয়া হয়।


বুধবার রাতে সিউড়ির পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। অভিযোগ, সেই সময় আকাশ দেবনাথ, ঋষভ গোর এবং বান্টি বীরবংশী নামে তিন যুবক মোটা গাছের ডাল ও লাঠি হাতে সেখানে ঢুকে পড়েন। অনুব্রতর সামনেই তাঁরা পার্টি অফিসের এসি, কাঁচের টেবিল ও চেয়ার ভাঙচুর করেন এবং লাঠি উঁচিয়ে তাঁকে হুমকি দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে নেতার দাপটে একসময় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, সেই অনুব্রতকে রীতিমতো ভয় পেতে এবং ওই যুবকদের কাছে ক্ষমা চাইতেও দেখা গিয়েছে।
পরে কড়া পুলিশি নিরাপত্তায় তিনি এলাকা ছাড়েন।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করে। তবে সকালে তাঁদের ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠলেও স্থানীয়দের দাবি, দীর্ঘ তৃণমূল জমানায় ওই যুবকদের ওপর নানা অত্যাচার হয়েছে। বুধবার রাতের ঘটনা সেই জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ওই যুবকরা দোষ করলে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে, তবে এই ঘটনার মধ্যে দিয়ে অনেকেই ওই তিন যুবককে প্রতিবাদের মুখ হিসেবেই দেখছেন।