পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকায় নতুন নাম নিবন্ধনের জন্য ব্যবহৃত অনলাইন 'ফর্ম ৬'-এ নিয়মবহির্ভূত ও "বেআইনি" পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশন এবং আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস-কে সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার এক্স-এ এক বার্তার মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের ভেতর থেকে ঠিক কে বা কারা টিসিএস-কে অনলাইন পোর্টালে এই পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল এবং এই কাজ করার জন্য কোনো চাপ দেওয়া হয়েছিল কি না।
আরও পড়ুন:
উল্লেখ্য, দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস নির্বাচন কমিশনের ডিজিটাল ব্যাকএন্ড পরিকাঠামো এবং ‘ইসিআইনেট’ পোর্টাল পরিচালনার মূল দায়িত্বে রয়েছে।
আরও পড়ুন:
সংবাদপত্র 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতেই সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা।
ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী অনলাইন ফর্ম ৬-এ যুক্ত করা অতিরিক্ত ঘোষণাপত্র নিয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার তীব্র বিরোধিতা ও আপত্তি জানিয়েছিলেন।আরও পড়ুন:
এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, "অনলাইন ফর্ম ৬ সম্পূর্ণ বেআইনিভাবে পরিবর্তন করা হয়েছিল— নির্বাচন কমিশনের নিজস্ব কমিশনারদের নথিতেই তা স্পষ্ট। নির্বাচন কমিশনের ঠিক কে টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে এই পরিবর্তনের নির্দেশ দিয়েছিল? টিসিএস-এর তরফেই বা কে এতে স্বাক্ষর করেছিল?
তাঁদের কি এটি করতে চাপ দেওয়া হয়েছিল?"আরও পড়ুন:
বিতর্ক তীব্র আকার ধারণ করার পর নির্বাচন কমিশন স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছে, মূল সংবিধিবদ্ধ ৬ নম্বর ফর্মে কোনো আইনি সংশোধন করা হয়নি। এটি কেবল বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন সময়ে একটি অতিরিক্ত ‘অ্যানেক্সার-ডি’ হিসেবে যুক্ত করা হয়েছিল। গত ২৭ মে সুপ্রিম কোর্টের এক রায়ে এই অতিরিক্ত ঘোষণাপত্র চাওয়ার সিদ্ধান্তকে বহাল রাখা হয়েছিল বলে জানায় কমিশন।