পুবের কলম ওয়েব ডেস্ক: অসমে ফের হদিস মিলল জাল ভারতীয় পরিচয়পত্রের। ট্রেনে চেপে চেন্নাই যাওয়ার পথে অসমের বঙাইগাঁও জেলার নিউ বঙাইগাঁও রেল স্টেশন থেকে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। বঙাইগাঁও বর্ডার পুলিশ এবং রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে। ধৃতদের কাছ থেকে একাধিক জাল নথিপত্র এবং বাংলাদেশি পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
বঙাইগাঁওয়ের এসএসপি নুমাল মাহাট্টা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে নিউ বঙাইগাঁও স্টেশনে অভিযান চালিয়ে প্রথমে ছ’জন এবং পরবর্তীতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ভারত সীমান্তবর্তী রাজ্যগুলিতে অনুপ্রবেশের বিষয়টি বাংলাদেশ প্রশাসন অস্বীকার করলেও বাস্তবে যে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে, এই ঘটনা ফের তা সামনে আনল। এর আগে গত ১৬ সেপ্টেম্বর গুয়াহাটি ও রঙিয়া থেকে পৃথক দুটি অভিযানে মহিলা ও নাবালক-সহ মোট ২৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ। নিউ বঙাইগাঁওয়ে ধৃত ৯ জনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।