উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :রাষ্ট্রায়ত্ত একটি সংস্থার নামে বাজারে বিক্রি হওয়া জলের বোতল খুলে তার ভিতরের জল ফেলে দিয়ে স্থানীয় জল ভরে ফের বাজারজাত করার অভিযোগ। এই অভিযোগের তদন্তে নেমে জয়নগরে বেআইনি ভাবে জল বোতলজাত করার কারখানার হদিশ পেল পুলিশ ও ডিআইবি। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানা-সহ আশপাশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রায়ত্ত একটি সংস্থার একাধিক জলের বোতলে অন্য জল ভরে তা পুনরায় বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার নজরে আসার পর তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ডিআইবি ও স্থানীয় পুলিশ।

তদন্তে নেমে পুলিশ গোপন সূত্রে খবর পায়, জয়নগর থানার রামচন্দ্রপুর এলাকায় বেআইনি ভাবে জল বোতল জাত করে বাজারে সরবরাহ করা হচ্ছে।সেই খবরের ভিত্তিতে বুধবার রাতে জয়নগর থানার পুলিশ ও ডিআইবির আধিকারিকরা যৌথভাবে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালান। অভিযানে একটি বেআইনি জল তৈরির ও বোতলজাত করার কারখানার সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে দাবি।পুলিশের অভিযোগ, সরকারি অনুমোদন ছাড়াই ওই কারখানা চালানো হচ্ছিল। পাশাপাশি একটি সংস্থার বোতল ও পরিচিতি ব্যবহার করে জল বাজারজাত করার অভিযোগও ওঠে।
খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি লঙ্ঘন এবং কপিরাইট-সহ একাধিক অভিযোগে রামচন্দ্রপুরের বাসিন্দা হামিদুল গাজিকে গ্রেফতার করে পুলিশ।বুধবার রাতে অভিযানের পর হামিদুলকে জয়নগর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার তাঁকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, ওই জল কোথায় কোথায় সরবরাহ করা হত এবং কতদিন ধরে এই কারবার চলছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।