পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটের আবহে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দ্বন্দ্ব নতুন মাত্রা পেল পোস্টার ও ব্যানার ঘিরে বিতর্কে। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের প্রার্থীর প্রচারের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপিকে ‘অসভ্য রাজনীতি’র অভিযোগ তুলে সোমবার শহরের গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী গৌতম দেব। এদিন তিনি প্রচারসূচিও স্থগিত রাখেন। তাঁর সঙ্গে অবস্থানে যোগ দেন দলের অন্যান্য কর্মী ও সমর্থকেরাও।

এই ঘটনাকে ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। উল্লেখযোগ্যভাবে, সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শহরে প্রচার কর্মসূচি রয়েছে। সেই প্রেক্ষাপটে গৌতম দেবের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, পোস্টার নষ্টের অভিযোগ নিয়ে তিনি ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তৃণমূলের দাবি, গত কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন জায়গায় তাঁদের প্রার্থীর পোস্টার ও ব্যানার নষ্ট করা হচ্ছে।

অভিযোগ, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা রাতের অন্ধকারে এই কাজ করছে। কোথাও আবার হোর্ডিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর নরেন্দ্র মোদি বা অমিত শাহের ছবি সাঁটিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি তৃণমূলের। তাদের অভিযোগ, তৃণমূলের প্রচার ব্যাহত করতেই বিজেপির পক্ষ থেকেই এসব করা হচ্ছে। অবস্থান বিক্ষোভে গৌতম দেব আরও অভিযোগ করেন, বাইরে থেকে লোক এনে টাকা দিয়ে এসব কাজ করানো হচ্ছে। তাঁর কথায়, এ ধরনের কাজ শিলিগুড়ির রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না।
পাশাপাশি তিনি দাবি করেন, শহরের বিভিন্ন জায়গায় গেরুয়া রঙে দেয়াল লিখন করা হচ্ছে এবং ‘ওম’ শব্দ ব্যবহার করা হচ্ছে। তাঁর মতে, ধর্মীয় প্রতীককে রাজনৈতিক প্রচারে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের প্রার্থী শংকর ঘোষ পালটা দাবি করেন, তাঁদের প্রচার সামগ্রীই বরং বারবার নষ্ট করা হচ্ছে এবং প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, এই ধরনের অভিযোগ ও আড়ালের রাজনীতি না করে সরাসরি ভোটের ময়দানেই লড়াই হওয়া উচিত।